সিলেটের কোম্পানীগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক লিটন মাহমুদ খানের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার টুকেরবাজার পয়েন্টে এ মানববন্ধন হয়। এতে অংশ নেন স্থানীয় সংবাদকর্মীসহ এলাকাবাসী। ব্যানার হাতে তারা সাংবাদিক লিটনের মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার জুলাই আন্দোলনের অগ্র-সৈনিক সাংবাদিক লিটন জুলাই আন্দোলনের সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায় ও লুটপাট বিরুদ্ধে সোচ্চার থেকেছে।
২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল আলম ভোলাগঞ্জ বাজার থেকে নিজস্ব গাড়িতে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে চালক জুনায়েদকে নিয়ে সিলেট শহরের দিকে রওনা হন। পথে ভোলাগঞ্জ থেকে বের হওয়ার সময় তার সঙ্গে সাংবাদিক লিটনের দেখা হয়।পরিচিত হওয়ার সুবাদে শহরে জরুরি কাজ থাকায় ওই পুলিশ কর্মকর্তা গাড়ি উঠেন সাংবাদিক লিটন।
কিছুক্ষণ পর উপজেলার পাড়ুয়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে এসআই কামরুল মাঝপথে নেমে যান। এরপর চালক জুনায়েদ গাড়ি নিয়ে সিলেটের দিকে রওনা দেন। এসময় গাড়িতে বসা ছিলেন লিটন। একপর্যায়ে বিমানবন্দর থানার বাইপাসের চেকপোস্টে তল্লাশিতে ওয়াকিটকি ও কুড়ালসহ আটক হন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি, ওয়াকিটকি ও কুড়ালের মালিকানা স্বীকার করেন এসআই কামরুল। কিন্তু মহানগর পুলিশ এসআই কামরুলকে আটক বা প্রধান আসামি না করে লিটন মিয়া ও চালক জুনায়েদকে ডাকাতির প্রস্তুতিকালে আটক দেখিয়ে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দসহ এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক লিটনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান।
কোম্পানীগঞ্জে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন, মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শের তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউপির প্যানেল চেয়ারম্যান-২ নুরুল আমিন, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব সোহেল মাহমুদ, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব খালেকুজ্জামান, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সভাপতি এহসানুল মাহবুব, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, মাওলানা আনোয়ার শাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, আনসার উদ্দিন জিলানী, মুহিম আহমদ, মুর্শেদ আলম, জালাল আহমদ, ইসমাইল, নাসির উদ্দিন, শিব্বির আহমদ প্রমুখ।