ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ধ্বংসস্তূপ, উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় ২ হাজার ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে নয়জনের অবস্থা ‘আশঙ্কাজনক’। শুধু গত ২৪ ঘণ্টাতেই অন্তত ১৫৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়মিত প্রদান করছে। আইডিএফ জানিয়েছে, ‘আগত হুমকি প্রতিহত করতে বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’
ইসরায়েলে ইরানি পাল্টা হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পরিষ্কারভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটিতে ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত হেনেছে, সেখানে গণমাধ্যমের গতিবিধি সীমিত কড়া হয়েছে। এমনকি ধ্বংসযজ্ঞের ছবি-ভিডিও ধারণের চেষ্টা করলে আটকের মতো ঘটনাও ঘটছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ‘আগাম-আত্মরক্ষামূলক’ অভিযানের নাম দিয়ে ইরানে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের হামলায় সেদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন।
সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ড এবং অতর্কিত হামলার প্রতিশোধ নিতে ইরানও পাল্টা আঘাত হেনেছে। ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকেও নিশানা বানিয়েছে তারা।
প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে এখন গোটা মধ্যপ্রাচ্যই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের বেশিরভাগ জ্বালানি রপ্তানিকারক দেশ সেই অঞ্চলে অবস্থিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাও এখন হুমকির মুখে।
সূত্র: বিবিসি