
সাজু মিয়া
গোলাপগঞ্জ প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা সম্প্রতি ধারাবহরস্থ শাহজাহান এস্টেটের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা হয়, যাতে সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সময়োপযোগীভাবে পরিচালিত হতে পারে। একই সঙ্গে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
গঠিত নির্বাচন পরিচালনা কমিটিকে নতুন সদস্য সংগ্রহ, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্যে একটি উৎসবমুখর, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রেসক্লাব একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।
এম. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান। তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান সুহেদ, রতন মনি চন্দ, এনামুল হক এনাম, হারিছ আলী, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, দীনেশ দেব নাথ, আব্দুল আহাদ, সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, আনোয়ার হুমায়ূন এবং ফারহান মাসুদ আফসর। সভা শেষে উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।